বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
চতুর্দশপদী কবিতাবলী - ৭৩
শক্তি চট্টোপাধ্যায় • কাব্যগ্রন্থ • 1
• 0
এখনাে যায় না ভােলা, জ্যোৎস্নায় আঁধারে মনে পড়ে
মনে পড়ে হৃদয়ের চলচ্ছক্তিহীন রক্তে-জলে
তােমারই পায়ের ছাপ, যেন কুণ্ঠা - জড়ানাে চম্বলে
ধারার দ্যোতনা তুমি, তুমি প্রাণ, উচ্ছন্ন শিখরে
স্মৃতির প্রাক্তন হাসি গানে - মেশা, গন্ধে উতরােল
গাছের শিবিরতলে বসে কোন স্থগিত যুদ্ধের,
সূচনা দেখেছাে তুমি, আজ তারই সূত্রপাতে ঢের
সময় গিয়েছে — যুদ্ধ, পাপ, নরহত্যাই সম্বল।
এখনাে যায় না ভােলা , মানুষের সৌন্দর্য - সুষমা
চূড়ান্ত দেখেও ভােলা যায় না যা মানুষই দেখেছে
কিছুতে যায় না ভােলা , জ্যোৎস্নায় - আঁধারে মনে পড়ে
তােমার মুখশ্রী, শান্ত আভাময় স্নিগ্ধ - শ্যামলিমা ;
কে তুমি? জানি না স্থির — স্বপ্নস্বরূপিণী শ্যামচ্ছায়া
হৃদয়ে আমার , বাংলাদেশে শান্তি সমর্পণ করে॥