বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
গাছ কথা বলে
শক্তি চট্টোপাধ্যায় • nature • 1
• 0
গাছের ভিতর গিয়ে বসি আমি
সন্ধ্যায় সকালে---
প্রতি গাছে জল দিই, ফুল দেয়
পরিবর্তে গাছ।
এই দেওয়া-নেওয়া চলে অনুচ্চারিত
মৃদু প্রেমে,
গাছ ও মানুষে বোঝে এই প্রেম, আর
কেউ নয়।
গাছের ভিতর গিয়ে বসি আমি
সন্ধ্যায় সকালে॥
সকলেই গাছ নয়, কিছু কিছু
আগাছাও আছে,
তাদের নিড়ুনি দিয়ে তুলতে হয়, গাছ
সুখে থাকে,
সুখে থাকবে বলে গাছ অবহেলে
ওদের দেখায়---
আগাছাও তুলে ফেলতে কষ্ট হয়,
তারও ফুল আছে।
হয়তো কৌলিন্য নেই সূর্যমুখী বেলির
মতন,
তবুও তো সে ভালোবাসে আমাদের
বাগানে বসেছে।
জল বিনা দিচ্ছে ফুল বহু রঙে নানান
আকারে ---
সুখে থাকবে ভালো থাকবে বলে
গাছ, তাকে তুলতে হয়,
গাছের ভিতর গিয়ে বসি আমি, গাছ
কথা বলে॥